২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের বোচাগঞ্জে ধান কাটা নিয়ে বিরোধের জের ধরে সাঁওতালদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

দিনাজপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম)- দিনাজপুরের বোচাগঞ্জে ধান কাটা নিয়ে বিরোধের জের ধরে সাঁওতালদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। বোচাগঞ্জ থানার ওসি শামসুন নূর জানান, রোববার বেলা ১১টার দিকে উপজেলার রনগাঁও আখের খামার সংলগ্ন তুলিয়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তুলিয়াডাঙ্গী গ্রামের শরিফউদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪২) ও দক্ষিণ রনগাঁও গ্রামের জসেফ সরেনের ছেলে পালু সরেন (৪৫)। ইউপি চেয়ারম্যান প্রান্তোষ দেব শর্মা জানান, তুলিয়াডাঙ্গীর প্রায় ৭ একর জমির মালিকানা নিয়ে সাঁওতালদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষ রোববার তীর-ধনুক ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। “এ সময় শহিদুল তীরের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় বাচাগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পর পালু সরেনেরও মৃত্যু হয়।” এছাড়া ধনঞ্জয়পুর গ্রামের আব্দুর রহমান-আদু (৪৫), হামিদুল হক (২৬) ও রিয়াজুলকে (২৭) আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি শামসুন নূর বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা শহিদুলের লাশ নিয়ে যেতে বাধা দেয়। এ সময় রাস্তা অবরোধ করে প্রায় ৩ ঘণ্টা পুলিশের পিকআপ আটকে রাখে তারা। পরে বোচাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ এবং এসপি আহমেদুল কবির ঘটনাস্থল পরির্দশন করে দোষীদের বিচার করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুুতি চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৮৫১ ঘ.