২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মেয়র সাদেক হোসেন খোকা সংবাদ সম্মেলন করে ঢাকা ভাগের সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানানোর পরদিন নগর ভবনের সামনে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৫ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 06:53 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র সাদেক হোসেন খোকা সংবাদ সম্মেলন করে ঢাকা ভাগের সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানানোর পরদিন নগর ভবনের সামনে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৫ আহত হয়েছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিসিসিকে দুই ভাগ করার প্রতিবাদে রোববার সকালে আমরা নগর ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন করছিলাম। এ সময় ওসমানী উদ্যান থেকে আমাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে সরকার সমর্থকরা। এ সময় পরিষদের সদস্যরা রাস্তা পার হয়ে উদ্যানের দিকে এগোলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে পুলিশসদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়। প্রায় আধা ঘণ্টা এ পরিস্থিতি চলার পর ঐক্য পরিষদের সদস্যরা কর্পোরেশনের দুটি ফটক বন্ধ করে ভেতরে মানবন্ধন করে। পুলিশের রমনা জোনের উপ কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, “কর্মচারীরা রাস্তা আটকে বিক্ষোভ করায় যান চলাচলের ব্যাঘাত ঘটে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।” সংঘর্ষের সময় অন্তত ৮ জন পুলিশ সদস্যও আহত হন বলে দাবি করেন তিনি। প্রশাসক নিয়োগের বিধান রেখে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে গত ২৩ নভেম্বর জাতীয় সংসদে একটি বিল তোলা হয়। এর আগে এ প্রস্তাবে সম্মতি দেয় মন্ত্রিপরিষদ। ঢাকার ৯২টি ওয়ার্ডের মধ্যে ৫৬টি নিয়ে দক্ষিণে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে আরেকটি সিটি কর্পোরেশন গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে। বিলটি সংসদে পাস হলে বর্তমান ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত হবে এবং পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার দুই সিটি কর্পোরেশনের জন্য দুজন প্রশাসক নিয়োগ করতে পারবে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ঢাকা মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “ঢাকা সিটি কর্পোরেশনকে দ্বিখণ্ডিত না করে অবিলম্বে নির্বাচন দিন। আমি পরবর্তী নির্বাচনে প্রার্থী হব না।” ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বেলা সাড়ে ১২টার দিকে জানান, বিকেলে আনুষ্ঠানিকভাবে সংগঠনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২৫২ ঘ.