হবিগঞ্জ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে দু’পক্ষ পরিবহন শ্রমিকের ধাওয়া পাল্টা ধাওয়ার জেরে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
পূর্ব বিরোধের জেরে শুক্রবার দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে এই দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় তারা একটি বাস ভাংচুরও করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন এক্সপ্রেস ও সুপার এক্সপ্রেস’র বাস চলাচল নিয়ে বিরোধ চলছে।
এরই প্রেক্ষাপটে গত ২৬ অক্টোবর সংগঠন দুইটির নেতৃবৃন্দকে নিয়ে নৌ-পরিবহন মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের বৈঠক হয়।
“বৈঠকে সিদ্ধান্ত হয়- সুপার এক্সপ্রেস’র গাড়িগুলো রং পরিবর্তন করে (কারণ বর্তমানে তারা বিরতিহীন এক্সপ্রেস’র গাড়ির রং ব্যবহার করে) চলাচল করবে,” বলেন তিনি।
কিন্তু বৈঠকের সিদ্ধান্ত না মেনে রং পরিবর্তন ছাড়াই বৃহস্পতিবার থেকে সুপার এক্সপ্রেস’র গাড়িগুলো চলাচল শুরু করে।
শফিকুর রহমান চৌধুরী আরো জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিরতিহীন এক্সপ্রেসের মালিক ও শ্রমিকরা সুপার এক্সপ্রেস চলায় বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর মটর মারিক গ্রুপ বিরতিহীন এক্সপ্রেস ও সুপার এক্সপ্রেস চলাচল বন্ধ করে দেয়।
হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস টার্মিনালে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭২৩ ঘ.
bdnews24