২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধের দোকান তুলে নেওয়াসহ তিন দফা দাবিতে ধর্মঘট পালন করছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 08:32 AM

Updated : 07 Jul 2022, 08:59 PM


দিনাজপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধের দোকান তুলে নেওয়াসহ তিন দফা দাবিতে ধর্মঘট পালন করছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি।

বৃহস্পতিবার সকাল থেকে তারা এ ধর্মঘট শুরু করে। ফলে রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে।

দিনাজপুর জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ অভিযোগ করেন, মেডিকেল কলেজ হাসপাতালে সহিদুল ফার্মেসি নামে একটি ওষুধের দোকান নীতি বহির্ভূতভাবে ব্যবসা করে আসছে। এ কারণে হাসপাতালের বাইরের ওষুধের দোকানিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

দোকানটি সরাতে গিয়ে অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো কয়েকজনকে আসামি করে মামলাও হয়েছে।

গত মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় এই ওষুধ ব্যাবসায়ীরা।

গিয়াস উদ্দিন আহম্মেদ জানান, আল্টিমেটামের বিষয়ে প্রশাসনসহ কোনো পক্ষ সমঝোতায় এগিয়ে আসেননি। ফলে বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুরের সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ওষুধ দোকান বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীদের স্বজনরা।

মেডিকের কলেজে চিকিৎসা নিতে আসা সোহেল নামে এক যুবক উচ্চ রক্তচাপে আক্রান্ত তার বাবার জন্য প্রয়োজনীয় ওষুধ না পেয়ে হতাশা ব্যক্ত করে বলেন, “মানুষের জীবনমৃত্যুকে পুঁজি করে এ ধরনের কর্মসূচি হতে পারে না। প্রশাসনকেও আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ছিলো।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৪২৩ ঘ.