ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিল এজিবি কলোনির পরিত্যক্ত আটটি ভবন থেকে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর।
বুধবার সকাল ১০টার থেকে অভিযান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। বৃহস্পতিবারও তা চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৫ সালে এ ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপর থেকেই এ ভবনগুলোতে কিছু লোকজন অবৈধভাবে থাকতো।
তিনি বলেন, “এ আটটি ভবনে সাড়ে তিনশ’ থেকে চারশ’ পরিবার বসবাস করে আসছিলো। এর আগে কয়েকবার তাদের বসবাসকারীদের উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা ব্যর্থ হয়।”
ভবনগুলোতে গ্যাসের লাইন নেই। তবে বাসিন্দারা অবৈধভাবে বিদ্যুৎ ও পানির সরবরাহ নিয়ে তা ব্যবহার করে আসছিলো বলে জানান ইশতিয়াক।
তবে এসব ভবনের দুটিতে ২৯ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার বৈধভাবে বসবাস করছে বলে জানান তিনি। গণপূর্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, তাদের উচ্ছেদ করা হচ্ছে না।
তিনি জানান, উচ্ছেদের নোটিস দিয়ে গতকালই (মঙ্গলবার) মাইকিং করা হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তার জন্য এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।
এখানকার বাসিন্দা শাহার বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখানে নিয়মিত সর্বনিু ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিয়ে থেকে আসছি।”
হামজা নামের এক রিকশা শ্রমিক নেতা এসব ভাড়া সংগ্রহ করতে বলে জানান তিনি।
উচ্ছেদ অভিযানের কারণে অবৈধ এ সব বাসিন্দাদের মধ্যে অনেক শিশু প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিতে পারেনি। শাহার বানুর মেয়ে শোভাও এর মধ্যে এক জন।
গণপূর্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, এ আটটি ভবন ভেঙে ১৫ তলাবিশিষ্ট চারটি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।
এখানে আবার অবৈধ বসবাসকারীদের ওঠা ঠেকাতে স্থায়ীভাবে আনসার ক্যাম্প বসানো হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/১৯৩৯ ঘ.
bdnews24