২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় অবৈধদের বৈধ হওয়ার তাগিদ

আগামী ১০ জানুয়ারির মধ্যে পাসপোর্ট সংগ্রহ করে তা মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে জমা না দিলে নতুন করে ধরপাকড়ের শিকার হতে পারেন দেশটিতে অবৈধ বাংলাদেশি কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১০ জানুয়ারির মধ্যে পাসপোর্ট সংগ্রহ করে তা মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে জমা না দিলে নতুন করে ধরপাকড়ের শিকার হতে পারেন দেশটিতে অবৈধ বাংলাদেশি কর্মীরা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার তাগিদ দেন। গত ২১ নভেম্বর পর্যন্ত পাসপোর্ট গ্রহণের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশটিতে অবৈধ বাংলাদেশিদের নিবন্ধণ প্রক্রিয়ায় শেষ পর্যন্ত ২ লাখ ৬৭ হাজার ৮০৩ কর্মী নাম নিবন্ধন করেন। এদের মধ্যে ২ লাখ ৪৭ হাজার ৬২২ কর্মীর পাসপোর্ট নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদের মধ্যে এ পর্যন্ত পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন ১ লাখ ৪৫ হাজার। পাসপোর্ট ইস্যু করা হয়েছে ৯৫ হাজার। বাকিদের পাসপোর্ট তৈরির কাজ চলছে। এজন্য সরকার দ্রুত পাসপোর্ট সরবরাহে স্থানীয় দূতাবাসে কর্মীর সংখ্যা বাড়িয়েছে। কিন্তু এখনো ১ লাখ ২০ হাজারের বেশি কর্মী পাসপোর্টের জন্য আবেদন করেননি। আগামী ১০ জানুয়ারির মধ্যে তাদের পাসপোর্ট পাওয়া এবং বৈধতা নিশ্চিত করতে প্রচারণাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান খোরশেদ। ‘৬পি-প্রোগ্রামে’র অধীনে মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশী কর্মীদের বৈধ করতে পাসর্পোট দেওয়ার কাজ শুরু হয়েছে। গত ১০ অক্টোবর শুরু হয়। ওই দেশের সরকারের দেওয়া সময় অনুযায়ী আগামী ১০ জানুয়ারির মধ্যে সব কর্মীকেই তাদের বৈধ পাসপোর্ট নিতে হবে। ওই সময়ের মধ্যে পাসপোর্ট নিয়ে সব বাংলাদেশী কর্মীকে বৈধতার জন্য আবেদন করতে হবে। মালয়েশিয়া সরকারের দেওয়া সুযোগ অনুযায়ী ‘৬পি-প্রোগ্রামে’র আওতায় গত অগাস্টে দেশটিতে থাকা বাংলাদেশি অবৈধ কর্মীদের হাতের আঙ্গুলের ছাপসহ নিবন্ধন হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রায় তিন বছরের কার্যক্রম নিয়ে ‘বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কর্মীদের কল্যাণে মন্ত্রণালয়ের ভূমিকা ও অর্জন’ শীর্ষক প্রকাশনার উদ্বোধন উপলক্ষে মঙ্গলবারের সংবাদ সম্মেলন হয়। এতে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সচিব জাফর আহমেদ খান ও যুগ্ম-সচিব শামসুন নাহার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১২১ ঘ.