২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারী সচিবদের পদোন্নতির আবেদন ১৯ ডিসেম্বরের মধ্যে

উচ্চতর পদে পদোন্নতির পরীক্ষায় অংশ নিতে সহকারী সচিব ও সহকারী কমিশনার পর্যায়ে কর্মরতদের আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন জমা দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চতর পদে পদোন্নতির পরীক্ষায় অংশ নিতে সহকারী সচিব ও সহকারী কমিশনার পর্যায়ে কর্মরতদের আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এ কথা বলা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পরীক্ষার মাধ্যমে সহকারী সচিব ও সহকারী কমিশনার পর্যায়ের কর্মকর্তারা সিনিয়র সহকারী সচিব ও সিনিয়র সহকারী কমিশনার (জাতীয় বেতন স্কেলে ১৮৫০০-২৯৭০০ গ্রেড) পদে পদোন্নতি পাবেন। আগামী বছরের ফেব্র“য়ারি মাসে এ পরীক্ষা হবে বলে ইতোমধ্যে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। শুধু সরকারি চাকরিতে স্থায়ী এবং চাকরির বয়স ন্যূনতম পাঁচ বছর পূরণ হয়েছে- এমন কর্মকর্তারাই এ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর প্রধানের মাধ্যমে এসব আবেদন জমা দিতে হবে। এতে আরো বলা হয়, ১৯ ডিসেম্বরের পরে জমা দেওয়া সব আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে এসব আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে জমা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৩১ ঘ.