২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ সেনাদের স্বজনরা আবেগাপ্লুত প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে

বাংলাদেশে সশস্ত্র বাহিনী গঠনের ৪০ বছর পূর্তির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আক্রান্ত হয়ে পড়েন মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের উত্তরাধিকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সশস্ত্র বাহিনী গঠনের ৪০ বছর পূর্তির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আক্রান্ত হয়ে পড়েন মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের উত্তরাধিকারীরা। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে সোমবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানান। তিনি সবার হাতে চেক এবং ‘দোয়েল’ ল্যাপটপ তুলে দেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এ সময় মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। অনেকে প্রধানমন্ত্রীকে ধরে কেঁদে ফেলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেছিল। এরপর থেকে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবকও অর্পণ করেন। এসময় প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিন বাহিনীর একটি চৌকষ দল প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। এরপর, শেখ হাসিনা শিখা অনির্বাণের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। সশস্ত্র বাহিনী বিভাগে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানরা সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সেনাপ্রধান জেনারেল এম আব্দুল মুবিন, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৭৫৮ ঘ.