২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পাহাড়ি এলাকায় খনিজ অনুসন্ধানের পরিকল্পনা রয়েছে'

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক জানিয়েছেন, দেশের পাহাড়ি এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধানের পরিকল্পনা সরকারের রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 05:40 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক জানিয়েছেন, দেশের পাহাড়ি এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধানের পরিকল্পনা সরকারের রয়েছে। রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, পাহাড়ি এলাকায় খনিজ অনুসন্ধানের জন্য বাপেক্স কয়েকটি বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোপেক শেংলি লংউডস কনসোর্টিয়াম বাপেক্সের সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে পাহাড়ি এলাকায় চারটি ভূ-গঠনে তেলগ্যাস অনুসন্ধানের পরিকল্পনা গ্রহণ করে, যা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। আরেক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বড় বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন সময়সাপেক্ষ হওয়ায় সরকা স্বল্পমেয়াদি ও ব্যয়বহুল কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। এই উদ্যোগের আওতায় ইতোমধ্যে অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুৎ কিনতে সরকার ২০১০-১১ অর্থবছরে ৩ হাজার ২৮ কোটি টাকা এবং ২০১১-১২ অর্থবছরের জুলাই-আগস্ট পর্যন্ত ১ হাজার ২৩৭ কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে তিনি জানান। এনামুল হক জানান, নোয়াখালীর সুন্দলপুরে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র থেকে ২০১২ সালের মার্চ-এপ্রিল নাগাদ উত্তোলন শুরু করা সম্ভব হবে। এখান থেকে প্রতিদিন ১০ থেকে ১২ মিলিয়ন ঘণফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের গ্যাস সেক্টরে কারিগরি সিস্টেম লস ছাড়া অন্য কোনো সিস্টেম লস নেই বলে জানান তিনি। এনামুল হক জানান, বর্তমানে দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ২০২০ থেকে ২০৪৯ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন হচ্ছে। বিদ্যুৎ বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত তিন অর্থবছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ক্ষতির পরিমাণ ১৬৩ কোটি ৪০ লাখ টাকা। তবে একই সময়ে ডিপিডিসি, ডেসকো এবং ওজোপাডিকো'র লাভ হয়েছে ২০৮ কোটি ৬০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২৩৩১ ঘ.