২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমতাও চান, তিস্তা চুক্তি হোক: দীপু

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

চাঁদপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার কথা জানিয়ে শনিবার চাঁদপুর সদর উপজেলায় এক অনুষ্ঠানে দীপু মনি সাংবাদিকদের বলেন, "বৈঠকে মমতা জানিয়েছেন, তিনিও চান বাংলাদেশের মানুষ তিস্তার পানি পাক। তিনিও চুক্তির ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন।" ভারতে একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিয়ে দেশে ফেরার পথে বুধবার কলকাতায় যাত্রাবিরতি করেন দীপু মনি। সেখানেই মমতার সঙ্গে তার বৈঠক হয়। ওই বৈঠকের পর মমতা সাংবাদিকদের বলেন, তার রাজ্য ও বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করেই তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে চুক্তি হবে। গত ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। মমতার অভিযোগ ছিল, চুক্তির খসড়া তাকে দেখানো হয়নি। দৃশ্যতঃ এই পরিপ্রেক্ষিতেই দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের বিষয়টিও স্থগিত করে বাংলাদেশ। তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মনমোহন হতাশা প্রকাশ করে বলেন, চুক্তি না হওয়াটা দুঃখজনক। এ বিষয়ে দীপু মনি শনিবার বলেন, "চুক্তির বিষয়টি দু'দেশের সরকারের ব্যাপার। তবে যেহেতেু পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে, সেহেতু পশ্চিমবঙ্গ সরকারেরও এক্ষেত্রে ভূমিকা রয়েছে।" সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে মিড-ডে কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সপ্তাহব্যাপী সমবায় মেলারও উদ্বোধন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭২১ ঘ.