নারায়ণগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একদিনে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এদের মধ্যে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আর গণপিটুনিতে নিহত হয়েছেন দুই ডাকাত।
সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন এলাকায় পূর্ব শুত্র"তার জের ধরে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক জন।
নিহতরা হলেন- পেচাইন গ্রামের ফজল মিয়ার ছেলে আলামিন (২৩) ও একই গ্রামের আহসানের ছেলে আল-আমিন (২৪)। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।
তিনি বলেন, "নিহতের মধ্যে একজনের লাশ গভীর রাতে এবং অপরজনের লাশ শুক্রবার সকালে পুলিশ উদ্ধার করেছে। আহত মোমিনকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।"
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত চার জনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা ইউনুস।
এদিকে একই থানার থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহউদ্দিন জানান, সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের রূপনগর গ্রামে ডাকাতি চালিয়ে ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে গণপিটুনিতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার আবদুর রহিমের ছেলে ফরিদ (৩৪) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে সেকান্দার (২২) নিহত হয়। এ সময় আহত হয় আরো দুই ডাকাত।
আহত দুজনকে পুলিশের প্রহরায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরা হলো- সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা ফারুক (২০) ও শরিয়তপুর জেলার কচিঘাট গ্রামের আনোয়ার (২০)। আনোয়ার সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো।
মেজবাহউদ্দিন জানান, রূপনগর গ্রামের সৌদিপ্রবাসী মঈন উদ্দিনের বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে হামলা চালিয়ে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৯০ হাজার টাকা লুট করে একদল ডাকাত।
"বিষয়টি প্রতিবেশীরা আঁচ করতে পেরে স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দেয়। এতে এলাকাবাসী ডাকাত দলের সদস্যদের ধাওয়া করলে প্রায় ২ কিলোমিটার এলাকা দূরের একটি পুকুরে পড়ে যায় চার ডাকাত। বাকিরা পালিয়ে যায়।"
ওই পুকুর ঘিরে রেখে চার ডাকাতকে উঠিয়ে গণপিটুনী দেওয়া হলে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মেজবাহউদ্দিন।
তিনি জানান, ডাকাত দল পালিয়ে যাওয়ার সময়ে লুট করা মালামাল কিছু ফেলে গেলেও সম্পূর্ণ ¯¦র্ণ ও টাকা উদ্ধার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬১৯ ঘ.
bdnews24