২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সাদা-কালো' মানুষের সাত রঙা উৎসব

হিজড়াদের নিয়ে রাজধানীতে ব্যতিক্রমী এক 'সৌন্দর্য' প্রতিযোগিতা আয়োজন করেছে গ্যাটে ইনস্টিটিউট। জানাচ্ছেন হাসান বিপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 06:35 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

হাসান বিপুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিজড়াদের নিয়ে রাজধানীতে ব্যতিক্রমী এক 'সৌন্দর্য' প্রতিযোগিতা আয়োজন করেছে গ্যাটে ইনস্টিটিউট। শুক্রবার সন্ধ্যায় জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 'আন্ডার দি রেইনবো' শিরোনামের এ উৎসবে সহযোগী হিসাবে রয়েছে বেসরকারি সংস্থা বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি, সৃষ্টি, দৃক, বয়েজ অফ বাংলাদেশ ও স্বপ্রভা। আয়োজকরা জানিয়েছেন, অনেকটা আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার আদলে এ প্রতিযোগিতা হবে। কেবল দেখতে সুন্দর হলেই হবে না। জানা থাকতে হবে সমসাময়িক বিভিন্ন বিষয়। প্রমাণ করতে হবে মেধা ও প্রজ্ঞা। আর তাই বিজয়ীর মুকুট পরতে রীতিমতো মহড়াও চালিয়ে যাচ্ছেন প্রতিযোগীরা। নিজেদের আয়োজনে এর আগে চারটি ফ্যাশন শোতে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে ধামাইয়ের শামীমের। জানালেন, বড় পরিসরের এ প্রতিযোগিতায় অংশ নিতে এসে তিনিও কিছুটা নার্ভাস। আর তিতাশা এসেছেন ঢাকার শ্যামপুর থেকে। শামীম ও তিতাশার মতো মোট ১১ জন অংশ নেবেন হিজড়াদের এ প্রতিযোগিতায়। সাদা-কালো নামে হিজড়াদের সংগঠনের প্রধান অনন্যা। তিনি জানান, তার সংগঠনের সদস্য সংখ্যা ৭০। নিজেও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। "প্রথমে এই আয়োজনে মোট ২০ জন প্রতিযোগী ছিলো। বিভিন্ন কারণে নয় জন বাদ পড়েছেন", যোগ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশে হিজড়াদের বৈষম্যের কথাও তুলে ধরেন অনন্যা। বললেন, "ভারতে এখন কিন্তু আইন হয়েছে- একজন ব্যক্তি চাইলে যে কোনো অফিশিয়াল ফরমে নিজের লৈঙ্গিক পরিচয়টি প্রকাশ নাও করতে পারেন। সেখানে এটি করা হয়েছে যেন নির্দিষ্ট কোনো লৈঙ্গিক পরিচয়ে একজন হিজড়াকে বেঁধে ফেলা না হয়। বাংলাদেশে আমরা ততোখানি এগোতে পারিনি।" এনজিওর বাইরে নিজেদের স্বীকৃতি না থাকার কথা জানিয়ে ছোটো নামে আরেক প্রতিযোগী বলেন, "কোনো প্রতিযোগিতায় যেতে পারি না। একবার যখন সুযোগ পাওয়া গেছে সেটি ছাড়তে চাই না।" আয়োজকরা জানিয়েছেন, হিজড়াদের বিষয়ে সামাজিক সচেতনতা তৈরি করাই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য। শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়, ১৭ নভেম্বর শুরু হওয়া তিন দিনের এ উৎসবে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও মুক্ত আলোচনাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচবি/এএল/১২৩৩ ঘ.