২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদির বিরুদ্ধে আসামির মামলা

জোর করে দোকান দখলের মামলার আসামি এবার মামলা করেছেন বাদির বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোর করে দোকান দখলের মামলার আসামি এবার মামলা করেছেন বাদির বিরুদ্ধে। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে ব্যবসায়ী দৌলতুর রহমানের বিরুদ্ধে মামলা করেন সোহেল রানা (২৭)। এতে সোহেল দোকান থেকে উচ্ছেদের চেষ্টা, চাঁদা দাবি এবং মালামাল লুটের অভিযোগ এনেছেন। সোহেল গত বুধবার দৌলতুর রহমানের দায়ের করা মামলার সাত নম্বর আসামি। ব্যবসায়ী দৌলত দুই ছাত্রলীগ নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে জোর করে দোকান দখলের অভিযোগ এনে ওই মামলা করেন। সোহেল বৃহস্পতিবার বিকালে দৌলতের বিরুদ্ধে অভিযোগ এনে তার বিরুদ্ধে দায়ের করা মামলার আসামি দুই ছাত্রলীগ নেতার পক্ষ নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সোহেল নিজেও ছাত্রলীগ করেন। সোহেল রানা নগরীর জিইসি মোড় সংলগ্ন পূর্ব নাসিরাবাদ এলাকায় দৌলতের মালিকানাধীন এশিয়ান শপিং কমপ্লেক্সের একটি দোকানের মালিক। সোহেল মামলার অভিযোগ, দৌলত গত ১৫ নভেম্বর তার দোকানের শাটার ভেঙে মালামাল লুট করে এবং দোকান থেকে তাকে উচ্ছেদের চেষ্টা চালায়। মামলায় দৌলতের সঙ্গে রাশেদুল আলম ও মোরশেদুল আলম নামে আরো দুই ব্যবসায়ীকে আসামি করা হয়েছে। সোহলের আইনজীবী কায়সার হামিদ ডালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত অভিযোগটি গ্রহণ করে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনারকে নির্দেশ দিয়েছেন। এর আগে দোকান দখলের চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগে নগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরশাদুল আলম বাচ্চু, অর্থ সম্পাদক আবু নাছের চৌধুরী আজাদসহ সাত জনের নাম উল্লেখ করে বুধবার আদালতে মামলা করেন ব্যবসায়ী দৌলতুর রহমান। আদালত ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশকে নির্দেশ দিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২২০১ ঘ.