২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ভৈরব ও তিতাস রেলসেতু তৈরিতে চুক্তি

দ্বিতীয় ভৈরব এবং দ্বিতীয় তিতাস রেলসেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই, নকশা প্রণয়ন, দরপত্র নথি (টেন্ডার ডকুমেন্ট) তৈরি এবং নির্মাণ কাজ তদারকির জন্য ভারতীয় দুটি প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় ভৈরব এবং দ্বিতীয় তিতাস রেলসেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই, নকশা প্রণয়ন, দরপত্র নথি (টেন্ডার ডকুমেন্ট) তৈরি এবং নির্মাণ কাজ তদারকির জন্য ভারতীয় দুটি প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য বৃহস্পতিবার রেলভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পরামর্শক প্রতিষ্ঠান দুটির সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের চুক্তি হয়েছে। দুটি রেলসেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক হিসেবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান দুটি হচ্ছে- ভারতের স্টুপ কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড এবং স্কট উইলসন ইনডিয়া প্রাইভেট লিমিটেড। চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে খায়রুল আলম এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে অমিতাভ দত্ত ও এ কে ব্যানার্জি সই করেন বলে যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, চুক্তি অনুযায়ী পরামর্শক প্রতিষ্ঠান দুটি ওই দু'টি সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই, বিস্তারিত নকশা প্রণয়ন, দরপত্র নথি প্রস্তুত এবং নির্মাণ কাজের তদারকি করবে। এ কাজের জন্য ৪৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান দুটি আগামী ছয় মাসের মধ্যে সম্ভাব্যতা যাচাইসহ চূড়ান্ত নকশা প্রণয়ন করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, রেল বিভাগের সচিব ফজলে কবির ও রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, ঢাকায় ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্টা চন্দ্রিমা রাও-সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডাবল ট্র্যাকে উন্নীত করতে মেঘনা নদীর ওপর দ্বিতীয় ভৈরব সেতু এবং তিতাস নদীর ওপর দ্বিতীয় তিতাস সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এজন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৯৫৯ কোটি ২০ লাখ টাকা। সেতু দুটি নির্মাণ শেষ করতে সম্ভাব্য সময় ধরা হয়েছে ৩৩ মাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯৩০ ঘ.