ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় চার দলীয় জোট সরকারের শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর অব্যাহতি আবেদনের আংশিক শুনানি হয়েছে।
বৃহস্পতিবার নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে পিন্টু নিজেই তার শুনানি করেন।
রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সহযোগী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার পিন্টুর পক্ষে আংশিক শুনানি হয়েছে।
পরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ২২ নভেম্বর পিন্টুসহ অপর আসামিদের অব্যাহতি আবেদন শুনানির দিন রেখেছেন।
এদিকে বৃহস্পতিবার আসামি গোলাম মোহাম্মদের পক্ষে আরেকটি অব্যাহতির আবেদন দাখিল করেছেন তার আইনজীবী মোহাম্মদ আলী।
আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল জানান, এ নিয়ে মোট ১১ আসামির অব্যাহতির আবেদন শুনানি সম্পূর্ণ এবং পিন্টুর আংশিক শুনানি শেষ হয়েছে।
গত ৯ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জন আসামির বিরুদ্ধে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়।
এই মামলার প্রথম ও সম্পূরক অভিযোগপত্রের কারাবন্দি ৩২ আসামিকে কড়া নিরাপত্তায় বিশেষ এজলাসে হাজির করা হয়।
সম্পূরক অভিযোগপত্রে অভিযুক্ত ৩০ জনের মধ্যে তারেক রহমান, ডিউক, হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১২জন পলাতক রয়েছেন। কারাগারে রয়েছেন ১৭ জন।
এ ছাড়া আরেক আসামি ঢাকার ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম ওরফে আরিফ জামিনে রয়েছেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় শেখ হাসিনা বেঁচে গেলেও বর্তমান রাষ্ট্রপতি জিল¬ুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৫৫৮ ঘ.
bdnews24