২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচারপতি নিজামুলের থাকা সরকারের জন্যও বিব্রতকর'

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধানের পদ থেকে বিচারপতি নিজামুল হককে অপসারণে আবেদন করে ব্যর্থ হওয়ার পর তাকে পদত্যাগ করতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধানের পদ থেকে বিচারপতি নিজামুল হককে অপসারণে আবেদন করে ব্যর্থ হওয়ার পর তাকে পদত্যাগ করতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী রাজ্জাক বলেছেন, পদে বহাল নিজামুল হক ন্যায়বিচারের পরিবেশ দূষিত করেছেন। তার পদে থাকা সরকারের জন্যও বিব্রতকর। বিচারপতি নিজামুল হক এজলাসে আসন নেওয়ায় বুধবার সকালে আদালত বর্জনের পর দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে এক সংবাদ সম্মেলনে রাজ্জাক একথা বলেন। তিনি বলেন, "জনাব নিজামুল হক, আপনি এখনি অনতিবিলম্বে পদত্যাগ করুন। আপনি জোরপূর্বক এই পদে থেকে ন্যায়বিচারের পরিবেশ দূষিত করেছেন।" সাঈদী গত মাসে নিজামুল হকের অপসারণ চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনালের অন্য দুই বিচারক এর নিস্পত্তি করে বলেন, বিষয়টি তাদের এখতিয়ারে নেই। রাজ্জাক বলেন, "আপনি (নিজামুল হক) বিচার বিভাগের ওপর কালিমা লেপন করেছেন। বিচার বিভাগের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন এবং সর্বোপরি ন্যায়বিচারের ওপর জনগণের আস্থা নষ্ট করেছেন।" "তার চেয়ারম্যান হিসাবে থাকা প্রসিকিউশনের জন্য ক্ষতিকর এবং সরকারের জন্যও বিব্রতকর," বলেন তিনি। রাজ্জাক শঙ্কা প্রকাশ করে বলেন, "বিচারপতি নিজামুল যদি বহাল থাকেন, তাহলে আগামী দিনগুলোতে অনেক অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদিন, সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল প্রমুখ। তাদের অভিযোগ, বিচারপতি নিজামুল প্রায় দুই দশক আগে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণতদন্ত কমিশনের কাজে সম্পৃক্ত থাকায় তার বিচার পক্ষপাতমুক্ত হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮০০ ঘ.