২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় গৃহকর্মীকে 'নির্যাতন', গৃহকর্ত্রী গ্রেপ্তার

বগুড়ায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গৃহকর্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

বগুড়া, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গৃহকর্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের পাশের ভাড়া বাসা থেকে গৃহকর্ত্রী শিপ্রা ভট্টাচার্যকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। শিপ্রা ভট্টাচার্য বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা উৎপল ভট্টাচার্যের (৪২) স্ত্রী। তারা বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। উৎপল ভট্টাচার্যের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। নির্যাতনের শিকার পপির (১০) বাড়ি বগুড়ার শিবগঞ্জের দোপাড়া গ্রামে। পপির বাবা বিনয় কুমার থানায় অভিযোগ করলে শিপ্রা ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। বিনয় কুমার সাংবাদিকদের জানান, প্রায় ছয় মাস আগে তিনি মেয়েকে উৎপলের বাসায় কাজ করতে দেন। কিন্তু গৃহকর্ত্রী শিপ্রা তার মেয়েকে মাঝে মাঝে মারধর করতো বলে অভিযোগ করেন বিনয় কুমার। গত সোমবার পপি পালিয়ে বাড়ি চলে যায়। মঙ্গলবার সকালে মেয়েকে নিয়ে তিনি উৎপলের বাসায় এলে শিপ্রা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। পপি তার শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে সাংবাদিকদের জানায়, তাকে মাঝে মাঝে শিপ্রা গরম লোহা দিয়ে ছ্যাঁকা দিতেন ও মারধর করতেন। এছাড়া তাকে ঠিকমতো খাবার দেওয়া হতো না বলে অভিযোগ করে পপি। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভুঁইয়া সাংবাদিকদের জানান, নির্যাতনের ঘটনায় বিনয় কুমার থানায় মামলা দায়ের করেছেন। গৃহকর্ত্রী শিপ্রাকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহকর্ত্রী শিপ্রা ভট্টাচার্য নির্যাতনে অভিযোগ অস্বীকার করে বলেন, গাছ থেকে পড়ে পপি শরীরে আঘাত পেয়েছে। তিনি আরো বলেন, পপি টাকা চুরি করে পালিয়ে বাড়ি চলে গেছে। পরে ঘটনা সাজিয়ে মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩২২ ঘ.