২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুইদিন পর সোনামসজিদ স্থল বন্দর খুলেছে

দুই দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টা থেকে ট্রাক চালকরা পণ্য পরিহবন শুরু করে বলে মটর শ্রমিক ইউনিয়ন জানায়। এর আগে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক বৈঠকে বন্দর সিএন্ডএফ এসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক সমিতি, জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক সমন্বয় কমিটির সমঝোতা হয়। চাঁদাবাজি ও ট্রাক চালককে মারধরের ঘটনায় গত রোববার বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার রাতে বন্দর সংলগ্ন ট্রাক টার্মিনাল এলাকায় মালামাল উঠানোর সময় বন্দর সমন্বয় কমিটির শ্রমিকরা গাড়ি প্রতি তিনশ' টাকা ঈদ বখশিস দাবি করে। তিনি বলেন, সাধারণত বন্দর শ্রমিকরা ট্রাক চালকদের কাছ থেকে ২৫/৩০ টাকা বখশিশ নিয়ে থাকে। অতিরিক্ত চাঁদা দিতে ট্রাক চালকরা অস্বীকার করায় কয়েকজন চালককে মারধর করে বন্দর শ্রমিকরা। এ ঘটনার প্রতিবাদে ওইরাতেই পণ্য পরিবহন বন্ধ করে দেয় বিক্ষুব্ধ চালকরা, বলেন খালেক। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারজিল হাসান জানান, মঙ্গলবারের বৈঠকে এমন ঘটনা আবার ঘটলে বন্দর পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ট্রাক চালকরা পণ্য পরিবহন শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১৪ ঘ.