রাজবাড়ী, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলায় বার্ড ফ্লু আক্রান্ত ১১ হাজারের বেশি মুরগি মাটি চাপা দেওয়া হয়েছে। এ সময় ৪৩ হাজার ডিমও নষ্ট করে ফেলা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরেন্দ্র নাথ সাহা জানান, সোমবার রাতে চরলক্ষীপুর গ্রামের রাজবাড়ী পোল্ট্রি ফার্মে এসব মুরগি নিধন করা হয়।
রাজবাড়ী পোল্ট্রি ফার্মের কর্মচারী চার্লস কর্মকার সাংবাদিকদের জানান, ৩/৪দিনে ফার্মের প্রায় দেড় হাজার মুরগি মারা যাওয়ায় বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়কে জানানো হয়।
সৌরেন্দ্র নাথ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসুস্থ মুরগির নমুনা মানিকগঞ্জের প্রাণী রোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হলে সোমবার বিকালেই তারা বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন পাঠায়
পরে রাতে জেলা প্রশাসন, সিভিল সার্জন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে ১১ হাজার ২৩০টি মুরগি ও ৪৩ হাজার ডিম মাটি চাপা দেওয়া হয়।
প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, আগামী তিন মাস ওই ফার্মে নতুন করে মুরগি ওঠানো বন্ধ রাখতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪৪০ ঘ.
bdnews24