রংপুর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার চারদিন পর রংপুর শহরে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে খলিফা পাড়া থেকে মেরাজ আহাম্মেদ হিমেল (৮) নিখোঁজ হয়। সোমবার সকালে ওই এলাকায় নিজ বাসার পাশে তার লাশ পাওয়া যায়।
হিমেল এলাকার রেজাউল করিম ভোলার একমাত্র ছেলে। সে স্থানীয় আর কে রোডের মর্নিং গ্লোরী স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের স্বজনদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার জাকির হোসেন জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে বাসার কাছে খেলতে গিয়ে হিমেল নিখোঁজ হয়।
খোঁজাখুঁজির এক পর্যায়ে হিমেলের বাবার মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে জানায়, হিমেল তাদের কাছে আছে। চার লাখ টাকা নিয়ে ঢাকায় এলে ফেরত দেওয়া হবে।
এরপর থেকে ওই ফোনে যোগাযোগ করলে কেউ ফোন রিসিভ করেনি।
পরে এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ কর্মকর্তা জাকির হোসেন আরো বলেন, হিমেলদের বাড়ির একটি কক্ষে মানিক নামে এক ব্যক্তি ভাড়া থাকতো। তার ঘরে একটি বাক্সে রক্ত পাওয়া গেছে। ঘটনাটির সঙ্গে মানিকের সম্পৃক্ততা রয়েছে বলে তিনি দাবি করছেন।
কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৪ ঘ.
bdnews24