ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিদ্যুৎ ঘাটতি মেটাতে বেসরকারি পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেলের ব্যবহার বাড়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে।
বিদ্যুতের চলমান সংকটের জন্য বিরোধী দলকে দায়ী করে তিনি বলেন, "আপনারা খাম্বার রাজনীতি করে এক ফোঁটা বিদ্যুৎও উৎপাদন করেন নাই। এই ঘাটতি পূরণের জন্য ফার্নেস অয়েল, ডিজেল ব্যবহার করে রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে।"
"৭ বছরের বিদ্যুৎ ৩ বছরে উৎপাদনের জন্য যে সাহসিকতা দরকার শেখ হাসিনার মতো রাষ্ট্রনায়কই এই ঝুঁকি নিতে পারেন।" যোগ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত।
গত ১০ নভেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন ও ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ায় সরকার।
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় কথা বলছিলেন সুরিঞ্জত সেনগুপ্ত।
এই সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হওয়ায় তারা আর বিদ্যুৎ নিয়ে কোনো কথা বলেন না।
বর্তমান সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিচ্ছে এবং এই সংকটের জন্য বিরোধী দলই দায়ী মন্তব্য করে এ বিষয়ে শ্বেতপত্র প্রকাশ বা সংসদে আলোচনার মাধ্যমে জনগণকে জানানোর দাবি জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
চারদলীয় জোটের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবির প্রেক্ষিতে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, "অন্তবর্তীকালীন সরকারই এক প্রকার তত্ত্বাবধায়ক সরকার। জাতীয় নির্বাচন এই অন্তবর্তীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।"
"যথাসময়ে, যথাযথ আইনের মাধ্যমেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।" মন্তব্য করে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, "সে সময়ে আপনারা যেন পালিয়ে না যান।"
সর্বশেষ ২০০২ সালের এপ্রিলে নির্বাচনের পর ডিসিসির মেয়াদ শেষ হয় ২০০৭ সালে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় এ নির্বাচন করার উদ্যোগ নেওয়া হলেও ভোটার তালিকা না থাকায় তা সম্ভব হয়নি।
বাঙালী জাতীয়তাবাদ পরিষদের উদ্যোগে 'গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপদানের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অন্তরায়' শীর্ষক এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহানগর আওয়ামী লীগ নেতা এ কে আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থার এর ব্যবস্থাপনা সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২২০০ ঘ.
bdnews24