রাজবাড়ী, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর কালুখালী উপজেলায় পুলিশ উপপরিদর্শক আব্দুর রাজ্জাককে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাংশা থানার ওসি আবদুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজবাড়ী সদর থানার পুলিশ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহর থেকে রবিউল ইসলাম নামের ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করে।
রবিউল কালুখালী উপজেলার চাদমৃগী গ্রামের গহের শেখের ছেলে।
রাজবাড়ীর পুলিশ সুপার রেজাউল হক জানান, বৃহস্পতিবার সকালে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের মৃগীর পাতুরিয়া গ্রামে নিজের মালিকানাধীন জমিতে অবৈধভাবে তোলা একটি ঘর দেখে এ ব্যাপারে প্রতিবেশী হাশেম আলীর সঙ্গে কথা বলতে যান নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রাজ্জাক।
আলোচনার এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে রাজ্জাকের ওপর চড়াও হয় হাশেম আলীর লোকজন। গুরুতর অবস্থায় রাজ্জাককে পাংশা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় নিজের গ্রামের বাড়িতে দাফন করা হয় রাজ্জাককে।
এ ব্যাপারে নিহতের ভাই আমজাদ মাস্টার একটি মামলা করবেন বলে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৪২৭ ঘ.
bdnews24