২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের চুরি যাওয়া টাকা উদ্ধার

টাঙ্গাইলের মধুপুর শাখা এনসিসি ব্যাংকের ভল্ট থেকে চুরি হওয়া ৬১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

টাঙ্গাইল, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মধুপুর শাখা এনসিসি ব্যাংকের ভল্ট থেকে চুরি হওয়া ৬১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলের পুলিশ সুপার একেএম হাফিজ আকতার বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ ঘটনায় ব্যাংকের ক্যাশ অফিসার মীর রাশেদুজ্জামানকে (৩১) গ্রপ্তার করেছে পুলিশ। হাফিজ আকতার বলেন, ঈদের ছুটির পর বুধবার সকালে ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে এসে দেখতে পান স্ট্রং রুমের লক এবং ভল্টের তালা খুলে কে বা কারা ৬১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। ব্যাংকের শাখা ম্যানেজার মো. নাসির উদ্দিন বিষয়টি মধুপুর থানার ওসি আমিরুল ইসলাম দেওয়ানকে জানান। পরে গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান ও মধুপুরের ওসি ঘটনাস্থল পরিদর্শন করে ক্যাশ অফিসার মীর রাশেদুজ্জামানকে (৩১) আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বুধবার রাতভর অভিযান চালিয়ে সখীপুর উপজেলার বড়চওনা গ্রামে তার ভগ্নিপতি মো. সেলিমের বাড়ি থেকে ৫৭ লাখ ও অন্য আত্মীয়ের বাড়ি থেকে চার লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান জানান, স্ট্রং রুম ও ভল্টের চাবি থাকতো ম্যানেজার, ডেপুটি ম্যানেজার ও ক্যাশ অফিসারের কাছে। ক্যাশ অফিসার মীর রাশেদুজ্জামান ঈদের পরদিন ব্যাংকে এসে দারোয়ানকে দিয়ে তালা খুলিয়ে ভেতরে ঢুকে দারোয়ানকে মুরগী কেনার অজুহাতে বাইরে পাঠিযে দেন। এরপর আলমারী ভেঙে ডেপুটি ম্যানেজারের চাবি নিয়ে ভল্ট খুলে একটি ব্যাগে টাকা নিয়ে সখীপুর বোনের বাসায় চলে যান। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মো. শাহজাহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/২১২৫ ঘ.