বাগেরহাট, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় খুলনা-মংলা সড়কে চুলকাঠি বাজারের কাছে এই দুর্ঘটনায় নিহতরা হলেন নছিমন চালক হারুন শেখ (৩০) ও যাত্রী এস এম পরান (২৬)।
হারুন বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় গ্রামের আবজাল উদ্দিন শেখের ছেলে। পরানের ঠিকানা পাওয়া যায়নি।
চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমারত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুই যানবাহনের সংঘর্ষে ঘটনাস্থলেই পরানের মৃত্যু হয়। খুলনা নেওয়ার পথে মৃত্যু হয় হারুনের।
বাগেরহাট সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে। দুর্ঘটনায় কবলিত বাস ও নছিমন আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৩ ঘ.
bdnews24