২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ পালনে মিনায় লাখো মুসলমান

শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। পুণ্যের আশায় আরাফাতের ময়দানে সমবেত হওয়ার অপেক্ষায় লাখো মুসলমান। তাদের মুখে থাকবে 'লাব্বাইক' ধ্বনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 06:26 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক- হে আল্লাহ, তোমার ডাকে আমি হাজির' ধ্বনিতে মুখর এখন সৌদি আরবের মক্কা নগরী। সৌদি আরবের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এদিন মক্কা নগরীর কাবা শরিফ থেকে রওনা হয়ে পাঁচ কিলোমিটার দূরে মিনায় জড়ো হয়েছেন বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান। ইবাদত-বন্দেগিতে মিনায় রাত কাটাবেন এসব মুসল্লি। আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির করবেন তারা। নামাজ পড়বেন জামায়াতের সঙ্গে। হজের মূল আনুষ্ঠানিকতার সম্পন্নের জন্য শনিবার ভোরে মুসল্লিরা মিনা থেকে ১০ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের পথে যাত্রা করবেন। সেখানে তারা হজের খুতবা শুনবেন এবং একইসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। পুনরায় মিনায় ফেরার পথে শনিবার সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ পড়বেন মুসল্লিরা। মুজদালিফায় রাতে থাকার সময় পাথর সংগ্রহ করবেন তারা, যা মিনার জামারায় শয়তানকে উদ্দেশ্য করে ছোড়া হবে। রোববার সকালে ফজরের নামাজ শেষে মুসল্লিরা মিনায় ফিরে জোহরের নামাজের পর শয়তানকে (প্রতিকী) পাথর ছুড়বেন। এরপর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন তারা। সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন তারা। শুক্রবার আনুষ্ঠানিকতা শুরু হলেও আরাফাতের ময়দানে কার্যক্রমকেই হজের মূল অনুষ্ঠান হিসেবে ধরা হয়। ১৪ শ' বছরেরও বেশি সময় আগে এ আরাফাতের ময়দানেই বিদায়ী হজের ভাষণ দেন হজরত মুহাম্মদ (সা.)। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমাবেশ এবারের হজে প্রায় ৩০ লাখ মুসলমান অংশ নিচ্ছেন। এদের মধ্যে ১৮ লাখ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গেছেন। আরব নিউজের খবরে বলা হয়, শুক্রবার ফজরের নামাজের পর মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হন মুসল্লিরা। অনেকেই আগের দিন মিনায় পৌঁছান। মিনায় অসংখ্য সাদা তাঁবুতে অবস্থান করছেন তারা। আরাফাতের ময়দানে যাওয়ার আগে মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। মক্কা থেকে হাজিদের মিনায় নিয়ে যাওয়ার জন্য অসংখ্য যানবাহনের ব্যবস্থা করা হয়। অনেকেই এই পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে যান। হজ সুষ্ঠুভাবে শেষ করতে সৌদি সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মক্কা ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০ হাজার কর্মকর্তাকে নিয়োজিত করা হয়েছে। সাড়ে চারশ' সাজোয়া যানসহ আধুনিক সরঞ্জাম নিয়ে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ। ভিড়ের চাপে পদপিষ্ট হওয়াসহ যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত রাখা হয়েছে কয়েক হাজার কর্মী। যে কোনো ধরনের দাঙ্গা ও সন্ত্রাস মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। হজ পালনকারীদের পথ দেখানোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ১২ হাজার নারী-পুরুষ কর্মী নিয়োগ করা হয়েছে। এ ছাড়া চিকিৎসকসহ প্রায় ২০ হাজার স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন। ৮৯ হাজার জনকে দেশে ফেরত সৌদি গেজেটে জানায়, হজের অনুমোদন না থাকায় ৮৯ হাজার মুসল্লিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরবের পাসপোর্ট বিভাগ। এছাড়া মেয়াদ পেরিয়ে যাওয়ার পর অবস্থান, অভিবাসন আইনের লঙ্ঘন, ভুয়া অনুমোদন লাভের চেষ্টায় জড়িত ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা। মক্কাজুড়ে ১৬টি এবং মদিনায় চারটি পাসপোর্ট তল্লাসি চৌকি বসানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/০০২০ ঘ.