কুমিল্ল, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় চারঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
মালবাহী বোল্ডার স্পেশাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে শুক্রবার বিকাল সোয়া ৩টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বগিটি উদ্ধারের পর সন্ধ্যা ৭টায় ট্রেন চলাচল আবার শুরু হয় বলে জানান কুমিল্লা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুর রশিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আখাউড়া থেকে চট্টগ্রামগামী বোল্ডার স্পেশাল ট্রেনটি কুমিল্লা সদর রসুলপুর ও রাজাপুর স্টেশনের মাঝামাঝি স্থানে এলে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে, বলেন তিনি।
তিনি বলেন, কুমিল্লা স্টেশনে আটকা পড়া চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস সন্ধ্যা ৭টার দিকে ছেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৮ ঘ.
bdnews24