২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচন এ সরকারের অধীনেই: কামরুল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিরোধী দলের আন্দোলনকে 'ডেড ইস্যু' আখ্যায়িত করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 08:34 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিরোধী দলের আন্দোলনকে 'ডেড ইস্যু' আখ্যায়িত করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে। শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে 'অবাধ ও নিরপেক্ষ নির্বাচন: প্রয়োজন স্বাধীন নির্বাচন কমিশন' শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। কামরুল বলেন, "গণতন্ত্রকে এগিয়ে নিতে অন্তর্র্বতীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসিকে স্বাধীন এবং শক্তিশালীভাবে গড়ে তোলা হবে। এবং এটাই সত্য, সত্য, সত্য।" "দেশের সর্বোচ্চ আদালত তত্ত্ববধায়ক বিষয়ে রায় দিয়েছে। সুতরাং এ নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই," যোগ করেন তিনি। বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, "সংসদে আসুন। কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায় তা নিয়ে আলোচনা করি। আমরা তত্ত্বাবধায়কের ৩ মেয়াদ দেখেছি। প্রত্যেকবারই তাদের নিয়ে কোন না কোন প্রশ্ন উঠেছে। গতবার তারা অসাংবিধানিকভাবে ২ বছরের জন্য ক্ষমতা ধরে রেখে রাজনৈতিক ও ব্যাবসায়ীদের হেনস্থা করেছে। এ অভিযোগে সাবেক উপদেষ্টা এম এ মতিনকে ২৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।" গণতন্ত্র রক্ষায় নির্বাচন কমিশনের অধীনে ছাড়া নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। অবশ্য এরই মধ্যে বিরোধীদল দলীয় সরকারে অধীনে নির্বাচন না করার ঘোষণা দিয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে তারা রোডমার্চ, জনসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কামরুল দাবি করেন, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে যে, দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। সারাদেশে পৌর মেয়র নির্বাচন এবং ইউপি নির্বাচনও দলীয় হস্তক্ষেপ ছাড়াই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত এ আলোচনা অনুষ্ঠানের পরে ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কামরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আবু হোসেন বাবলা, খন্দকার আলী আজম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৪১৩ ঘ.