কুমিল্লা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো বৃহস্পতিবারও কুমিল্লায় যানজটে ভুগতে হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসযাত্রীদের।
কার্যত শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় সড়কে গাড়ির চাপ ছিলো বেশি। ব্যস্ত এ সময়ে সড়ক সংস্কারের কাজ চলায় এ যানজট বলে যাত্রী ও বাসচালকরা বলছেন।
বুধবার কুমিল্লার চান্দিনায় একটি ট্রাক উল্টে যাওয়ায় সারাদিনই ছিলো যানজট। কুমিল্লা থেকে বিকালে রওনা হয়ে কাচপুর-যাত্রাবাড়ির নৈমিত্তিক যানজট নিয়ে রাত ২টায় সায়েদাবাদ পৌঁছানোর কথা জানিয়েছেন এক যাত্রী।
এরপর বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে যানজট লেগে ছিলো। দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত এ যানজট ছিলো।
রমিজ উদ্দিন নামে এক বাসচালক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে কুমিল্লায় আসতে অন্য সময় দুই ঘণ্টা লাগলেও আজ ছয় ঘণ্টা লেগেছে। প্রতিদিন যেখানে তিন বার ঢাকায় যাওয়া আসা করা যেত, সেখানে এখন এক বার যাওয়া-আসা করতে হচ্ছে।"
কুমিল্লার সংবাদপত্র এজেন্ট মন্টু দাস বলেন, যানজটের কারণে ভোর বেলার পত্রিকা বেলা সাড়ে ১২টায় কুমিল্লায় পৌঁছেছে।
সরেজমিনে দেখা যায়, অন্তত ৬০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ লাইন। কখনো সারিবদ্ধভাবে ধীর গতিতে চলছে, কিছু দূর যাওয়ার পর আবার থেমে যাচ্ছে।
মহাসড়কের গৌরীপুর, মাধাইয়া, চান্দিনা, নিমসার, কুমিল্লার সেনানিবাস এলাকা, আলেখারচর, পদুয়ার বাজার, মিয়ার বাজার এলাকায় যানজট বেশি।
থানা পুলিশ ও মহাসড়ক পুলিশ যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মহাসড়ক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাসড়কে যানবাহনের চাপ বেশি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২৪০ ঘ.
bdnews24