২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ'র সাবেক কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

বিজিএমইএ'র সাবেক পরিচালক শেখ আবদুল মোমেন মিন্টুর স্ত্রীকে তাদের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিএমইএ'র সাবেক পরিচালক শেখ আবদুল মোমেন মিন্টুর স্ত্রীকে তাদের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মৃত মাকসুদা মোমেন ডলি (৪৫) নিজেও গার্মেন্ট ব্যবসায় যুক্ত ছিলেন। বাড়ির তত্ত্বাবধানকারীর কাছ থেকে খবর পেয়ে বুধবার বিকেলে উত্তর খুলশীর ৬/এ সড়কের ৮১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় নিজের শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ডলি তাদের পরিবারের মালিকানাধীন 'এ্যারো ফ্যাশন' নামের একটি গার্মেন্টের পরিচালক ছিলেন। নগরীর নাসিরাবাদ এলাকার 'ইভস বিউটি পার্লার'টিও ছিল তার মালিকানাধীন। তার স্বামী মোমেন ওই প্রতিষ্ঠানের মালিক। মোমেন বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানায় পুলিশ। মঙ্গলবার রাতে ডলি নিজ বাড়িতে একা ছিলেন। তার তিন মেয়ের মধ্যে দু'জন বিদেশে থাকেন এবং একজন ঢাকায় ছিলেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার দিকে নিজের কক্ষ থেকে ডলির লাশ উদ্ধার করা হয়। এসময় নিহতের লাশের ওপর কম্বল ছিল। তিনি বলেন, "নিহতের শরীরের দুয়েক জায়গায় সামান্য আঘাতের চিহ্ন থাকলেও যে ধরণের আঘাতে মানুষের মৃত্যু হয় তা দেখা যায়নি।" "গতরাতের (মঙ্গলবার) যেকোনো এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে।" যোগ করেন ওসি। এটি হত্যা, না স্বাভাবিক মৃত্যু- এ বিষয়ে জানতে চাইলে ওসি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, "ময়নাতদন্তের পর বলা যাবে।" বুধবার সন্ধ্যায় নিহতের এক মেয়ে বাদি হয়ে খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা করেন। এতে কাউকে অভিযুক্ত করা হয়নি। ওসি জানান, রাতে বাড়ির দারোয়ান ও কেয়ারটেকার ছাড়া কেউ ছিল না। তারা বাড়ির নিচতলায় ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ি থেকে কিছুই খোয়া যায়নি। বিকালে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধারে গেলে সংবাদকর্মীরাও ওই বাড়িতে যান। তবে পুলিশ কোনো সংবাদকর্মীকে ওই বাড়িতে ঢুকতে দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২৩৬ ঘ.