ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে ৪৩ জনকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় এদের ক্যাডার পদে সুপারিশ করা হয়নি।
মঙ্গলবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, "প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের জন্য জারি করা নিয়োগ বিধিমালা-২০১০ অনুসারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পদের জন্য মেধা এবং প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করে এদের নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।"
এদের মধ্যে গ্রন্থাগার অধিদপ্তরের লাইব্রেরিয়ান পদে একজন, পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে চার জন, মেরিন একাডেমির জুনিয়র বেতার ও শিক্ষা কর্মকর্তা পদে একজন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা পদে দুইজন, ভেটেরিনারি সার্জন পদে একজন, পিডিও পদে তিনজন, প্রাণিসম্পদ কর্মকর্তা পদে একজন ও প্রভাষক পদে একজনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
এছাড়া বস্ত্র দপ্তরের ইনস্ট্রাকটর পদে একজন, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক পদে একজন, প্রযোজক (বার্তা) পদে একজন, শিল্প নির্দেশক পদে একজন, টেলিভিশন প্রকৌশলী পদে তিন জন এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক পদে ২১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।
সুপারিশকৃত প্রার্থীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৮২৩ ঘ.
bdnews24