২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটর সাইকেল প্রাইভেটকারসহ ১০ গাড়িচোর গ্রেপ্তার

রাজধানী ঢাকা ও এর আশেপাশে অভিযান চালিয়ে ১৫টি মোটর সাইকেল, দুইটি প্রাইভেটকারসহ ১০ চোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকা ও এর আশেপাশে অভিযান চালিয়ে ১৫টি মোটর সাইকেল, দুইটি প্রাইভেটকারসহ ১০ চোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ আলী (৩৪), মো. মিজানুর রহমান (৩০), আব্দুল করিম (২২), মো. নাহিদ ওরফে দরবেশ নাহিদ (৩৫), হৃদয় (১৯), সাইফুল (২১), শাকিল (২৮), রুমান (২৯), হাবিব (৪২) ও সান্টু (৩০)। সোমবার ও মঙ্গলবার এদের গ্রেপ্তার করা হয়। মিন্টোর রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মোল্লা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "১৯ অক্টোবর পল্টন থানার আনন্দ হোটেলের সামনে থেকে একটি টয়োটা এলিয়ন গাড়ি ছিনতাই হয়।" "পরে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।" এ সময় মোহাম্মদ আলী, মো. মিজানুর রহমান ও আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয় জানিয়ে উপ-কমিশনার বলেন, "পরে তাদের স্বীকারোক্তিতে মোহাম্মদপুর থেকে পাঁচটি ইয়ামাহা ফেজার, পাঁচটি বাজাজ পালসার, তিনটি বাজাজ ডিসকভারি, একটি সিভিজেড, একটি আর-১৫সহ মোট ১৫টি মোটর সাইকেল ও একটিটি টয়োটা করলা প্রাইভেটকার উদ্ধার করা হয়।" উপ-কমিশনার বলেন, এদের মধ্যে রুমান, হাবিব ও সান্টু বিআরটিএর 'দালাল'। তারা বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর সহায়তায় চোরা গাড়িগুলোর ভুয়া রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন তৈরি করে। তিনি বলেন, "তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/১৮১৫ ঘ.