ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য পরিদর্শকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করাসহ ১৭ দফা দাবিতে আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে খাদ্য পরিদর্শক সমিতি।
তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- বেতন বৈষম্য দূর এবং খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বল্পমূল্যে রেশন দেওয়া, শূন্যপদে জনবল নিয়োগে পোষ্য কোটা সংরক্ষণ, ওএমএস ও ট্রাক সেলে কর্মরতদের দৈনিক ভাতা দেওয়া এবং অহেতুক বদলি ও হয়রানি বন্ধ ইত্যাদি।
আব্দুল গণি রোডে খাদ্য ভবনে সোমবার সকালে এ কর্মসূচি পালন করা হয় বলে সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে আলমগীর হোসেন ও মোহাম্মদ শাফীর নেতৃত্বে খাদ্য পরিদর্শক সমিতির নেতারা খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহম্মেদ হোসেন খানের সঙ্গে দেখা করে তাদের দাবিগুলো তাকে জানান।
এ সময় নেতারা বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ বন্ধ এবং বৈষম্যহীনভাবে পদোন্নতি নিশ্চিত করারও আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১২০ ঘ.
bdnews24