২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্যবসায় অন্তরায় আইন-শৃঙ্খলার অবনতি'

আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড দারুণভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 05:33 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড দারুণভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীম। রোববার ডিসিসিআই মিলনায়তনে 'ব্যবসা বাণিজ্য প্রসারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভূমিকা' শিরোনামে এক সেমিনারে আসিফ এ কথা বলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে স্বল্প মেয়াদী, দীর্ঘ মেয়াদী এবং মধ্য মেয়াদি সুপারিশ করেন ডিসিসিআই সভাপতি। সুপারিশের মধ্যে রয়েছে, আইন-শৃঙ্খলার উন্নতি জন্য রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব আরোপ, স্থানীয় পর্যায়ে পঞ্চায়েত ব্যবস্থা চালু, আবাসিক এলাকা ও বানিজ্যিক এলাকা আলাদাভাবে চিহ্নিত করা, সক্রিয় সন্ত্রাসী ও চাঁদাবাজাদের তালিকা প্রণয়ন করা, মাদক প্রতিরোধ করা ইত্যাদি। ডিসিসিআই'র সুপারিশ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন সেমিনারে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে না, তবে জিরো টলারেন্সে আমরা যেতে পারিনি।" গত ১০ বছরের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে বলে দাবি করে সাহারা বলেন, "বিগত ৩ বছর ধরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা হয়েছে।" ডিসিসিআই সভাপতি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির বিষয়টি জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে এখনি প্রতিকারমূলক ব্যাবস্থা নিতে হবে।" আইন-শৃঙ্খলা বাহিনীতে যে পরিমাণ সদস্য প্রয়োজন তা নিয়োগ দেওয়া যাচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "তবে ইতিমধ্যে ১৬ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে এবং আরো ১৬ হাজার নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে।" সেমিনারে ডিসিসিআই নেতারা ব্যবসায়িক পরিবেশে বিঘেœর জন্য যানজট ও হকার, রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যা, রাজধানীকেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধিসহ বিদ্যুৎ সমস্যাকে দায়ী করেন। হঠাৎ করে হকার উচ্ছেদ সম্ভব নয় উল্লেখ করে রাজধানীর হকারদের পুনর্বাসনে ব্যবসায়ীদের পরামর্শ চান স্বরাষ্ট্রমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২৩২৬ ঘ.