ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর পর রাজধানীর মিরপুরের রোকেয়া সরণী দুই ঘণ্টা অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে গার্মেন্ট কর্মীরা।
কাফরুল থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল সোয়া ৮টার দিকে শেওড়া পাড়া ও তালতলার মাঝামাঝি এলাকায় শামীম সরণীতে একটি গাড়ি লেবু নামের এক গার্মেন্ট কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ খবর পেয়ে ওই এলাকার কয়েকটি গার্মেন্ট কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে রোকেয়া সরণীতে এসে সড়কে অবস্থান নেয় এবং গাড়ি ভাংচুর শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ওসি আব্দুল লতিফ বলেন, "আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার পর সোয়া ১০টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
আয়েশা নামের এক পোশাক শ্রমিক জানান, নিহত লেবু ওই এলাকার আঁখি গার্মেন্টে কাজ করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কেটি/জেকে/১০৪০ ঘ.
bdnews24