ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ২৩/২, দয়াগঞ্জে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আহত হানিফকে (৩৫) দুপুর ১টার দিকে প্রতিবেশী হান্নান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে দেড়টার দিকে তিনি মারা যান।
হান্নান ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, হানিফ বর্তমানে রিকশা চালালেও আগে তিনি বিদ্যুৎ মিস্ত্রির কাজ করতেন এবং তার সহযোগী ছিলো মিজান নামে এক ব্যক্তি।
তিনি বলেন, "দুপুরে মিজানই হানিফের বাসায় গিয়ে তাকে ছুরি মারে। প্রতিবেশীরা মিজানকে ধরে পুলিশে তুলে দিয়েছে।"
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, হত্যাকাণ্ডের বিষয়ে মিজানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য হানিফের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে উত্তরা থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে ১৪ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোড থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়।
তিনি গাড়িচাপায় নিহত হয়েছেন বলে উত্তরা থানার এসআই পারভেজ ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৫৫০ ঘ.
bdnews24