ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের কথা বলা হলেও খুলনা ও যশোর অঞ্চলের ৪১টি রুটে কর্মসূচি অব্যাহত রেখেছে শ্রমিকরা। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমে দূরপাল্লার যান চলাচল বন্ধই রয়েছে।
তারেক মাসুদ ও মিশুক মুনীরের গাড়ি দুর্ঘটনার পর গ্রেপ্তার বাস চালক জামির হোসেনের মুক্তি এবং আটক বাস ফেরত দেওয়ার দাবিতে শ্রমিকরা এ ধর্মঘট ডেকেছেন।
বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় এই ধর্মঘট শুরুর পর ছয় ঘণ্টার মাথায় তা প্রত্যাহারের কথা জানায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। কিন্তু এর দুই ঘণ্টার মাথায় খুলনা ও যশোর অঞ্চলের পরিবহন শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
খুলনার পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মৃধা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুলনার ১৮টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দুপুরের মধ্যে যশোর পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে বসবো। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।"
এ ছাড়া যশোরের ২৩ রুটেও বাস ধর্মঘট চলছে বলে জানান তিনি।
এর আগে বুধবার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌ মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেছিলেন, সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে এর কিছুক্ষণ পর সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক এস এম শাহ আলম ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা নাকচ করে দেন।
গত ১৩ অগাস্ট ঢাকা-আরিচা সড়কে মানিকগঞ্জের জোকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক ও মিশুকসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ বাসটির চালক জামির হোসেনকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে। তিনি এখন মানিকগঞ্জ কারাগারে আটক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১২১৪ ঘ.
bdnews24