ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেরিন একাডেমীর কমান্ডেন্ট সাজিদ হোসেনের চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
এছাড়াও প্রশাসনের উপসচিব, সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পর্যায়ের ১১ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়।
ঢাকা ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার ড. মোহা. আব্দুস সালামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
সিনিয়র সহকারী সচিবদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. আরিফকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব হেলাল মাহমুদ শরীফকে ব্রাহ্মণবাড়িয়ার এডিসি নিয়োগ করা হয়।
পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক আহমদকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব সায়মা আফরোজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নেওয়াজ হোসেন চৌধুরীকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মুর্শিদা শারমিনকে ভূমি মন্ত্রণালয়, লায়লাতুন ফেরদৌসকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সাবিহা ইয়াসমিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারি সচিব পদে পদায়ন করা হয়েছে।
একই শাখায় ন্যস্ত সহকারী সচিব নাজিয়া ইসলামকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মুনা মুশাররাতকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৩৭ ঘ.
bdnews24