নড়াইল, অক্টোবর ২৩ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি ছিনতাই করা মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এই ছিনতাই কাজে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ গ্রামে এই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
আটক হয়েছেন উপজেলার শামুকখোলা গ্রামের মশিউর মোল্লা (৩২), চাচই গ্রামের জাহিদ মোল্লা (৩০), কাদু আজম মোল্লা (৩১) এবং সদর উপজেলার ধুড়িয়া গ্রামের মঞ্জুর শেখ (৩৩)।
লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রকিব খান জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ মানিকগঞ্জ এলাকা থেকে মাইক্রোবাসসহ ছিনতাই চক্রের চারজনকে আটক করে।
তিনি জানান, যশোরের সোহেল নামের এক চালক ঢাকার শেওড়াপাড়া থেকে গাড়িটি ছিনতাই করে এনেছে বলে জানিয়েছে আটক ছিনতাইকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১০০ ঘ.
bdnews24