ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্র যথাযথ না হওয়ায় সাভারে নতুন চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন কেন্দ্র (ইটিপি) স্থাপন সংক্রান্ত প্রস্তাব ফেরৎ পাঠানো হয়েছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রোববার এ সিদ্ধান্ত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন।
ঢাকার হাজারিবাগের চামড়া শিল্প সাভারে স্থানান্তরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলেও ইটিপি স্থাপন জটিলতার কারণে গত প্রায় পাঁচ বছর ধরে এ শিল্প সাভারে স্থানান্তর সম্ভব হচ্ছে না।
এ ছাড়া তিনটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদনসহ সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব নূরুল করিম।
সার আমদানি
সভায় ডিএপি সার কোম্পানির জন্য ৩৯ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। টনপ্রতি ৬৭২ দশমিক ৭০ ডলার মূল্যে দেশ ট্রেডিং করপোরেশন এ পণ্য আমদানি করবে।
এ ছাড়া দুই লাখ মেট্রিক টন প্যাকেটজাত (ব্যাগড) গ্র্যানুলার ইউরিয়া এবং প্যাকেটজাত প্রিল্ড ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরেরে মাধ্যমে তিনটি প্রতিষ্ঠান টনপ্রতি ৫৮৭ ডলার দরে গ্র্যানুলার ইউরিয়া এবং চারটি প্রতিষ্ঠান টনপ্রতি ৫৭১ দশমিক ৫০ ডলার দরে প্রিল্ড ইউরিয়া আমদানি করবে। এতে মোট ব্যয় হবে ৪৪৬ কোটি টাকা।
বেসরকারি বিদ্যুৎকেন্দ্র
চুক্তির মেয়াদ বাড়ানো তিন বছর মেয়াদি তিনটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে অ্যাগ্রেকো ইন্টারন্যাশনাল পাওয়ার প্রজেক্টের খুলনা ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডিজেলচালিত রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বেড়েছে এক বছর তিন মাস। নতুন মেয়াদে এ কেন্দ্রের বিদ্যুতের মূল্য ধরা হয়ে প্রতি কিলোওয়াট ১৪ দশমিক ৪২৭ টাকা।
এনার্জি প্রিমা লিমিটেড পরিচালিত কুমারগাঁও ৫০ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ বেড়েছে আরো ৩ বছর। বর্ধিত মেয়াদের জন্য প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ধরা হয়েছে দুই দশমিক ৬৮ টাকা।
এ ছাড়া সিলেটের শাহজিবাজার ৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৩ বছর বাড়ানো হয়েছে। এনার্জি প্রিমার এ কেন্দ্রের বিদ্যুতের জন্য বর্ধিত মেয়াদে মূল্য ধরা হয়েছে প্রতি কিলোওয়াট দুই দশমিক ৮৪ টাকা।
অন্যদিকে প্রস্তাবিত খুলনা এক হাজার ৩০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ড্রেজার দ্বারা মাটি ভরাট ও ভূমি উন্নয়নের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের দাখিল করা দরপ্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এতে খরচ হবে ১৬৩ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা।
আশুগঞ্জে ৫০ মোগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের দরপত্র প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। কনসোর্টিয়াম অব ভিয়েলাটেক্স লিমিটেড অ্যান্ড শাহজিবাজার পাওয়ার লিমিটেড এ প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্পের বিদ্যুতের জন্য মূল্য ধরা হয়েছে প্রতি কিলোওয়াট দুই টাকা দুই পয়সা।
এ ছাড়া ১৫ বছর মেয়াদি ঘোড়াশাল ১০০ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের দরপত্র প্রস্তাব অনুমোদন করা হয়। কনসোর্টিয়াম অব রিজেন্স স্পিনিং অ্যান্ড রিজেন্ট পাওয়ার লিমিটেড এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬১৭ ঘ.
bdnews24