ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রতিটি শিশুকে বিদ্যালয়ে পাঠানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বঙ্গবন্ধুপুত্র শেখ রাসেলের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন, "একটি শিশুও যেন লেখাপড়া বঞ্চিত না হয়। সবাই লেখাপড়া শিখবে। আমি চাই, শিশুদের অধিকার প্রতিষ্ঠিত হোক।"
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, "সকলে মন দিয়ে লেখাপড়া করবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। তোমারাই হবে এই দেশের কর্ণধার। তোমাদের মধ্যে থেকেই কেউ একজন হয়তো আমার মতো প্রধানমন্ত্রী হবে।"
বর্তমানে স্কুলগমনের যোগ্য শিশুদের মধ্যে ৯৯ শতাংশের বেশি বিদ্যালয়ে যায় বলে দুদিন আগেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেটে এক অনুষ্ঠানে বলেছিলেন। তবে সরকারি এ হিসেব নিয়ে মতভেদ রয়েছে।
জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্যের শুরুতেই ছোট ভাই রাসেলের স্মৃতিচারণ করেন।
বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, "আজকে রাসেলের ৪৭তম জন্মদিন। আজ যদি রাসেল বেঁচে থাকতো অনেক বড় হতো। আমরা তাকে আর বড় হিসাবে দেখতে পারিনি। সকলকে হত্যা করার পর যখন রাসেল মায়ের কাছে যাবে বলে কাঁদছিলো, তখন তাকে মায়ের কাছে নিয়ে গিয়ে হত্যা করা হয়।
"রাসেল বলতে গেলে আমার কোলে-পিঠে মানুষ। ছোট বয়সে তাকে বন্দি জীবনও কাটাতে হয়েছে। বাবার øেহ বঞ্চিত হয়েছে। আমি আর রেহানা জার্মানিতে ছিলাম বলে বেঁচে গেছি। মনে হয়, আমাদের সঙ্গে জার্মানিতে নিয়ে গেলে রাসেল বেঁচে যেত।"
হাসিনা বলেন, রাসেলের স্বপ্ন ছিলো সেনাবাহিনীতে যোগ দেবে। তার সেই স্বপ্ন আর পূরণ হয়নি।
অনুষ্ঠানে 'জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট' থেকে সুবিধাবঞ্চিতদের শিক্ষা সহায়তায় বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
তিনি বলেন, রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়তো। ওই স্কুলের পাঁচ জন শিক্ষার্থীর শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এই ট্রাস্ট থেকে।
শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠনের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং ১০ হাজার টাকার ল্যাপটপ তৈরির কথা উল্লেখ করেন তিনি।
বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের বিচার বাস্তবায়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "এই শাস্তি দরকার ছিলো। প্রতিষ্ঠিত হয়েছে, অন্যায় করলে শাস্তি হয়।"
"খুনিরা যারা জাতির পিতাকে খুন করেছিলো, তাদের অনেকে মদদ দিয়েছিলো। তারা ঘৃণিত। জাতি তাদের প্রত্যাখ্যান করেছে," বলেন তিনি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "বাংলাদেশে কেউ যাতে আর কোনো দিন অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে, এভাবে হত্যাযজ্ঞ চালাতে না পারে- সেজন্য আমরা সংবিধান সংশোধন করেছি।"
পরে প্রধানমন্ত্রী চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণের পর শেখ হাসিনা শিশুদের পরিবেশনার গান শোনেন।
সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর গাড়ি বারান্দা থেকে মঞ্চ পর্যন্ত হেঁটে যাওয়ার সময় এক দল শিশু-কিশোর শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান।
স্বাগত বক্তব্যে আজিমপুর গার্লস স্কুল ও কলেজের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম শিশুদের জন্য সরকারের নেওয়া উদ্যোগের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, অধ্যাপক আবুল বারকাত, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুস সামাদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এবং সংগঠনের ঢাকা অঞ্চলের সভাপতি কে এম শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হাওলাদার।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তিলওয়াত করেন মহসিনা তানজিম মুম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪২৮ ঘ.
bdnews24