ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে 'দুর্নীতি' তদন্তে কর্মকর্তা নিয়োগ দিয়ে ৩০ দিনের মধ্যে তাকে কাজ শেষ করতে বলেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের উপপরিচালক উপ-পরিচালক জয়নুল আবেদিন শিবলী বিশ্বব্যাংকের অভিযোগ অনুসন্ধান করবেন।
এ বিষয়ে বিশ্বব্যাংকের কাছ থেকে চিঠি পাওয়ার পর সোমবার কমিশনের বৈঠকে শিবলীকে দায়িত্ব দেওয়া হয় বলে দুদক কমিশনার মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এর আগে গত ১২ জুলাই কমিশনের মহাপরিচালক ফররুখ আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, এ বিষয়টি অনুসন্ধানে কমিশনের সহকারী পরিচালক মির্জা জাহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
তবে জাহিদ বিদেশে থাকায় শিবলীকে দায়িত্ব দেওয়ার কথা জানালো কমিশন।
দুদক কমিশনার সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির বিষয় তদন্ত করতে বিশ্বব্যাংক চিঠি দিয়েছিলো। এর পরিপ্রেক্ষিতে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে হবে।"
পদ্মা সেতুতে দুর্নীতির বিষয়ে অভিযোগ করে বিশ্বব্যাংক সরকারের কাছে যে চিঠি দিয়েছে, তার একটি অনুলিপি গত ১১ অক্টোবর কমিশনকেও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের 'দুর্নীতি'র তদন্তে বিশ্বব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে 'দুর্নীতি'র বিষয়টি প্রকাশ্য হয়।
এরপর বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিতের ঘোষণা দেয়। দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতু তৈরিতে সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।
প্রকল্পে দুর্নীতির অভিযোগ সরকারের পক্ষ থেকে বরাবরই প্রত্যাখ্যান করা হচ্ছে। বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতা দ্রুত অবসানের আশাও প্রকাশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২১৩৪ ঘ.
bdnews24