২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি'র দুই ছাত্রকে পুলিশের মারধর, সড়ক অবরোধ

দুই শিক্ষার্থীকে পুলিশের মারধরের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই শিক্ষার্থীকে পুলিশের মারধরের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, রোববার গভীর রাতে মদিনা মার্কেট এলাকায় পেট্রোলিয়াম জিওরিসোর্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মারুফুর রহমান ও সাব্বির সিদ্দিক চা খেতে বের হলে এক উপপরিদর্শকের নেতৃত্বে তিন কনস্টেবল তাদের মারধর করেন। ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা সোমবার দুপুর ১২টার দিকে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে দোষীদের শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করে। তবে দুপুর ১টা পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সিলেট-ঢাকা সড়কে টায়ার জালিয়ে অবরোধ সৃষ্টি করে। সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাজিম হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তৃপক্ষ এক ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলো। তাদের নিস্ক্রিয়তার কারণে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। ওই চার পুলিশ সদস্যের শাস্তিও দাবি করেন তিনি। এদিকে অবরোধের ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে প্রক্টর এস এম সাইফুল ইসলাম বলেছেন, বিষয়টির দায়িত্ব মহানগর পুলিশকে দেওয়া হয়েছে। তারা সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার এম জলিল জানান, ওই চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৩২৭ ঘ.