মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট গ্রহণের দুদিন আগ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, চার কোম্পানি সেনা সদস্য চেয়ে রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সেনা সদস্য মোতায়েনের বিষয়ে নারায়ণগঞ্জের জনগণেরও চাপ রয়েছে। নির্বিঘেœ ভোট দানে জনগণকে আশ্বস্ত করা প্রয়োজন বলেই মনে করছি আমরা।"
নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৩০ অক্টোবর।
প্রতিটি কোম্পানিতে ৯০ থেকে একশ' ১০ জন করে সেনা সদস্য থাকে বলে জানান এই নির্বাচন কমিশনার।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ অক্টোবর সকাল ৬ টা থেকে ১ নভেম্বর রাত ১১ টা পর্যন্ত স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসাবে এসব সদস্য নিয়োজিত থাকবে।
৩০ অক্টোবর এনসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাখাওয়াত বলেছিলেন, ভোটের দুই দিন আগে থেকে মোট পাঁচ দিনের জন্য চার হাজার অতিরিক্ত সদস্যসহ প্রায় সাড়ে পাঁচ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।
ইসি সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত পিএসও'র কাছে লেখা চিঠিতে বলা হয়, "বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে এনসিসি এলাকায় চার কোম্পানি সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সেনা নিয়োগের বিস্তারিত পরিকল্পনা (ডেপ্লয়মেন্ট প্ল্যান) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাক্রমে চূড়ান্ত করতে হবে।"
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রিন্সিপাল স্টাফ অফিসারকে বলা হয়েছে।
উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসির সিদ্ধান্ত অনুযায়ী বিকালে চিঠির কপি বিশেষ পত্রবাহক ও ফ্যাক্স মারফত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাহী হাকিমের নেতৃত্বে স্ট্রাইকিং ও মোবাইল ফোর্সে নিয়োজিত থাকবে। ৩৬ জন নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে ২৪ জন করে নিরাপত্তা রক্ষী নিয়োজিত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৬১৪ ঘ.
bdnews24