২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ও পৌর আইন সংশোধনের সুপারিশ

সংসদের আগামী অধিবেশনে সিটি কর্পোরেশন ও পৌরসভা আইন সংশোধন বিল উত্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 09:13 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের আগামী অধিবেশনে সিটি কর্পোরেশন ও পৌরসভা আইন সংশোধন বিল উত্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রহমত আলী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেলে প্রশাসক নিয়োগের বিধান রাখা প্রয়োজন। এ জন্যে ২০০৯ সালে প্রণীত স্থানীয় সরকার সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। বিদ্যমান আইনে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। তবে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত নির্বাচন না হলে প্রশাসক নিয়োগের কোনো বিধান নেই। ঢাকা ছাড়া দেশের সবকটি সিটি করপোরেশনের নির্বাচন মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পন্ন হয়েছে। সংসদীয় কমিটির বৈঠকে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ড্রেনেজ, পয়নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়েও আলোচনা হয়। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নের লক্ষ্যে কর্পোরেশনের আয় বাড়ানোর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিটি। কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মো. আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মো. মনোয়ার হোসেন চৌধুরী, মো. আশরাফ আলী খান খসরু এবং আশরাফুন নেছা মোশারফ বৈঠকে অংশ নেন। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদারসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০২৩০ ঘ.