ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মন্ত্রণালয়ে স্থায়ী ও অস্থায়ী ১৫২টি পদে নন-ক্যাডার কর্মকর্তা নিয়োগ দিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. আলী নূর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নন-ক্যাডার পদের আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে।
সোনালী ব্যাংকের নির্ধারিত শাখা থেকে একশ' টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদনপত্র কমিশনের আগারগাঁয়ের আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে।
আবেদনপত্র কেনার সময় সাধারণ নির্দেশাবলী, সতন্ত্র নির্দেশাবলী ও সিলেবাস সম্বলিত বুকলেটের কপি সরবারহ করা হবে।
বিজ্ঞপ্তিটি বুধবার রাতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ হয়।
নন-ক্যাডার পদের বিজ্ঞপ্তি ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এর আওতায় বিজ্ঞাপনে উল্লেখিত শূন্য পদের বিপরীতে ৫০ শতাংশ পদ বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে পূরণ করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এতে বলা হয়, বিজ্ঞাপিত কোনো পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা দুই হাজারের বেশি হলে এমসিকিউ পদ্ধতিতে একশ নম্বরের বাছাই পরীক্ষা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/পিডি/০০৫০ ঘ.
bdnews24