মৌলভীবাজার, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে ভেজাল দেওয়াসহ নানা অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক কনফেকশনারি মালিককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।
এছাড়া আরো একটি কনফেকশনারিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজার ও চৌমোহনীতে এ অভিযান চালান নির্বাহী হাকিম জিয়াউর রহমান ও হাসিনা আক্তার।
দণ্ডিত ব্যবসায়ী মুনির হোসেন চৌধুরী (৫০) সাতগাঁও বাজারের কর্ণফুলি বেকারি অ্যান্ড কনফেকশনারির মালিক।
তাকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক ফারুক আহমদ জানান, খাদ্যে ভেজাল দেওয়া, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রি করায় কর্ণফুলি বেকারি অ্যান্ড কনফেকশনারির মালিক মুনিরকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
এছাড়া চৌমোহনীর খলিল বেকারির মালিক খলিল মিয়ার কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/০০৪১ ঘ.
bdnews24