২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে কলেজ ছাত্রের মৃত্যু

সিলেটে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারধরে আহত এক কলেজ ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

সিলেট, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারধরে আহত এক কলেজ ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকাল ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাঈদ আহমদের (১৯) মৃত্যু হয়। সাঈদ সিলেটের ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তিনি নগরীর যতরপুর এলাকার আবু তাহেরের ছেলে। সাঈদ আহমদের চাচা আবদুল জলিল লেবু সাংবাদিকদের জানান, ৫ অক্টোবর রাতে নগরীর সোনারপাড়া এলাকার বশির মিয়া কলোনির রুস্তম আলীর ছেলে মুরাদ মিয়া ও মনছুর মিয়া সাঈদকে বাসা থেকে ডেকে নেয়। পরে যতরপুর রাস্তার মোড়ে পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে সাঈদকে ফেলে রেখে যায়। সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাঈদের বাবা আবু তাহের বাদি হয়ে মুরাদ ও মনছুরসহ অজ্ঞাতনামা আরো পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। এদিকে সাঈদ আহমদের মৃত্যুতে ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শোক পালন করে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩৫ ঘ.