ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক নিরাপত্তাকে মৌলিক অধিকারের অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
রোববার ঢাকায় এক সেমিনারে তিনি বলেন, "আমি বিশ্বাস করি, সামাজিক নিরাপত্তা জনগণের অধিকারের অবিচ্ছেদ্য অংশ। এর মধ্যে আছে মানুষের মৌলিক চাহিদার নিশ্চয়তা। আছে সুবিধাবঞ্চিত ও দুর্ভাগা মানুষগুলোর সমাজে ভালভাবে বেঁচে থাকার অধিকার।"
"দেশে যেনো কর্মসংস্থান সৃষ্টি হয়, সেজন্য গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য," যোগ করেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনা কমিশন ও ইউএনডিপি 'বাংলাদেশে সামাজিক সুরক্ষা বৃদ্ধি: একটি কার্যকর সমাজ উন্নয়ন ব্যবস্থা ও নিরাপত্তা বেষ্টনি সৃজন' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
হোটেল রূপসী বাংলায় সেমিনারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রমকে আরো জোরদার করেছি। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। তারপরও আমরা দেশের ১৫ কোটি মানুষকেই নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে কাজ করছি।"
বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রচেষ্টায় 'নিরবচ্ছিন্ন' সহযোগিতাস দেওয়ায় ইউএনডিপিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় গৃহীত উন্নয়ন কৌশল বাস্তবায়নেও উন্নয়ন সহযোগী এবং ইউএনডিপিকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।"
প্রধানমন্ত্রী বলেন, "আমাদের লক্ষ্য, দেশের প্রতিটি অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা। এটাই আমাদের উন্নয়ন পরিকল্পনার মূলনীতি। তাই আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আরো কার্যকর ও যুগোপযোগী নীতি অন্তর্ভুক্ত করেছি।"
সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম বাস্তবায়নে সরকারের প্রশাসনিক এবং ব্যবস্থাপনাগত দুর্বলতা কাটিয়ে ওঠার পদক্ষেপ গ্রহণের বিষয়ও তুলে ধরেন তিনি।
বিশ্বমন্দা সত্ত্বেও সামষ্টিক অর্থনীতিতে বাস্তব সম্মত নীতি বাস্তবায়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, গত অর্থ বছর প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। এ বছরের লক্ষ্যমাত্রা ৭ শতাংশ।
প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থ বছরে সামাজিক নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মসূচির সংখ্যা ৮৪, যেগুলো বাস্তবায়নে ২২ হাজার ৬০০ কোটি টাকা ব্যয় হবে।
গত বছর এ সংখ্যা ছিলো ৮২টি এবং বাস্তবায়নে ব্যয় হয়েছিলো ২০ হাজার ৯০০ কোটি টাকা।
অন্যদের মধ্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার এবং ডিএফআইডির আবাসিক প্রতিনিধি গোয়েন হাইনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এএল/১৫৩০ ঘ.
bdnews24