বাগেরহাট, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে পাঁচ দিনব্যাপী জলদস্যু ও বনদস্যু দমন অভিযান শেষ হয়েছে। অভিযানে আটক করা হয়েছে নয় বনদস্যুকে।
৩ অক্টোবর সোমবার সকালে শুরু হয় পাঁচ দিনব্যাপী যৌথ অভিযান 'সুন্দরবন-৩'। কোস্টগার্ড পশ্চিম জোনের নেতৃত্বে নৌ-বাহিনী, বর্ডার গার্ডস অব বাংলাদেশ, পুলিশ, র্যাব, আনসার, সুন্দরবন বিভাগসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নেয়।
শুক্রবার অভিযান শেষে কোস্টগার্ড পশ্চিম জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে চলাকালে মোট নয় ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশে তৈরি বন্দুক, পাঁচটি চাপাতি, ২৫টি হরিণ ধরার ফাঁদ ও দুটি ইঞ্জিন চালিত নৌকা।
আটককৃতদের আট জনই বনদস্যু জুলফিকার বাহিনীর সদস্য। অপর বনদস্যু কোন দলের সঙ্গে সম্পৃক্ত তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লে করা হয়নি।
অভিযান শেষ কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার সাঈদুর রহমান শুক্রবার দুপুরে বলেন, আটককৃতদের মধ্যে আট জনকে শুক্রবার বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রসহ আটক অপর জনকে ৩ অক্টোবর খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
এদিকে যৌথ অভিযাান চললেও বৃহস্পতিবার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের তালবাড়িয়া এলাকায় পণ্যবাহী একটি কার্গোতে ডাকাতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এএল/২২০২ ঘ.
bdnews24