ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিবাসন নীতি সংস্কার ও প্রবাসী কর্মীদের কল্যাণে বাংলাদেশকে ৩৫ লাখ ডলার দেবে সুইজারল্যান্ড।
বুধবার এ বিষয়ে বাংলাদেশ সরকার, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ, এসডিসির হেড অব কো-অপারেশন ডেরেক মুলার এবং বাংলাদেশে আইএলওর আবাসিক প্রতিনিধি আন্দ্রে বোগুই এই চুক্তিতে সই করেন।
ঢাকায় সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'অভিবাসন নীতির উন্নয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ' প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহযোগিতায় আইএলও প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও পর্যাপ্ত নিয়ন্ত্রণ এবং নীতি না থাকায় বাংলাদেশ থেকে অভিবাসন ব্যয় ক্রমশ বাড়ছে। এতে প্রবাসী কর্মীদের লাভ ও সুযোগ-সুবিধাও কমে যাচ্ছে। তাদের অভিবাসনের ক্ষেত্রে ঝুঁকি কমিয়ে অধিকার রক্ষার লক্ষ্যেই এ প্রকল্প নেওয়া হয়েছে।
এতে প্রতি বছর চাকরি নিয়ে বিদেশগামী প্রায় পাঁচ লাখ কর্মী উপকৃত হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/০৩২৭ ঘ.
bdnews24